এডাস্ট অত্যাধুনিক মহাকাশ ও ভূ-অবস্থানভিত্তিক গবেষণা কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ২২ মে ২০২৬, ১০:২২ পিএম

মহাকাশ, জিওস্পেশাল বা ভূ-অবস্থানভিত্তিক সমস্যা ও সম্ভাবনার তথ্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) একটি অত্যাধুনিক গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত এই কেন্দ্রের নাম `এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস'।

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণা কেন্দ্রটির উদ্বোধন করেন সাবেক বিজ্ঞান ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী এবং বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ প্রথম নিয়েছে বলে মনে হয়। এর মাধ্যমে নানা সংকট ও সম্ভাবনা দ্রুত গবেষণার মাধ্যমে সমাধান করার পথ উন্মুক্ত হবে। বন্যা বা দুর্যোগপ্রবণ বাংলাদেশে এর অঞ্চল ভিত্তিক প্রভাব যাচাই করে বা অপরাধপ্রবণ এলাকার ডেটা ম্যাপিং করে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্র সৃষ্টি হবে এ ধরনের গবেষণা কেন্দ্রের মাধ্যমে।'

যে সব ক্ষেত্রে কাজ করবে এই কেন্দ্র: নবনির্মিত এই গবেষণা কেন্দ্রটি মূলত স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক ম্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে কাজ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য- দেশের দুর্যোগ পূর্বাভাস ও মোকাবেলা স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষির উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি জিওস্পেশাল প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা এবং মহাকাশভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির 'স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস'-এর পরিচালক ড. মার্টিন ভ্যান ক্রানেনডঙ্ক, উপ-পরিচালক ড. ক্যাটারিনা মিলকোভিক এবং পরিচালক (গবেষণা) ড. আশরাফ দেওয়ান। এ সময় তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে বক্তব্য প্রদান করেন।

আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন গবেষণামুখী কার্যক্রম সম্প্রসারণে এ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট-এর উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, কার্টিন বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সহযোগিতা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের অ্যাডভাইজর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত কেন্দ্রটি পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত