মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। রামিসা হত্যাকাণ্ড নিয়ে কেউ কেউ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনেনি, তারা এখন সোচ্চার। তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করছে, বিভ্রান্ত করছে-তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে।
বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে কিছু লোক ষড়যন্ত্র করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে। মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দিয়ে নতুন ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারব।
