১৭ হাজার কোটি টাকা আয়ের রেকর্ড রিয়ালের

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম

মাঠে টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা নেই, ক্লাবের ক্যাবিনেটে নতুন করে যোগ হয়নি কোনো ট্রফি। কিন্তু তাতে কী! ফুটবলের গণ্ডি পেরিয়ে গোটা ক্রীড়াঙ্গনের অর্থনীতির খাতায় নতুন এক ইতিহাস লিখেছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। 

মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বার্ষিক আর্থিক বিবরণীতে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে খেলোয়াড় বিক্রি বাদে রিয়াল মাদ্রিদের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ১.২২১ বিলিয়ন ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৮০০ কোটি টাকা)। ক্রীড়া ইতিহাসে রিয়াল মাদ্রিদই একমাত্র ক্লাব, যারা এক অর্থবছরে ১.২ বিলিয়ন ইউরোর আয়ের মাইলফলক স্পর্শ করল।

আগের অর্থবছরের তুলনায় ক্লাবের পরিচালনা সংক্রান্ত আয় বেড়েছে ৩.১ শতাংশ। খেলোয়াড় কেনাবেচা বাদেও অন্যান্য খাত থেকে প্রাপ্ত এই রাজস্বে বড় ভূমিকা রেখেছে তাদের ঐতিহাসিক হোমগ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যু।

নতুন করে সংস্কার করা স্টেডিয়ামটি এখন আর কেবল ম্যাচের দিনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রূপ নিয়েছে বছরজুড়ে আয় করা এক মেগা বিনোদন কেন্দ্রে। গত মৌসুমে শুধুমাত্র বার্নাব্যু থেকেই ক্লাবটির আয় ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৩ মিলিয়ন ইউরোতে।

একই সাথে বিশ্বজুড়ে রিয়ালের বাণিজ্যিক প্রসার এবং নতুন বড় অঙ্কের স্পন্সরশিপ চুক্তি ক্লাবটির কোষাগার পূর্ণ করতে সহায়তা করেছে। সব খরচ ও কর পরিশোধের পর ক্লাবের নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ইউরো (প্রায় ৩০ মিলিয়ন ডলার), যা গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি।

ট্রফিশূন্যতা কাটানোর বড় ছক

আর্থিক সফলতা চূড়ায় থাকলেও মাঠের ব্যর্থতা চেপে রাখতে পারছে না রিয়াল মাদ্রিদ। টানা দুই বছর স্প্যানিশ লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় সমর্থকদের মধ্যে রয়েছে হতাশা। এই চাপ সামাল দিতে এবং ট্রফির খরা কাটাতে ডাগআউটে বড় পরিবর্তন এনেছে ক্লাব কর্তৃপক্ষ।

কোচ আলভারো আর্বেলোয়ার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক ডাইনামিক কোচ হোসে মরিনহোকে। দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফিরে ঐতিহ্য ফেরানোর বিশাল চ্যালেঞ্জ এখন এই পর্তুগিজ মাস্টারমাইন্ডের কাঁধে।

মাঠের খেলা ঢেলে সাজাতে ট্রান্সফার উইন্ডোতেও ঝড় তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যে স্কোয়াডে যুক্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভা এবং চেলসির স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া।

আরবি লাইপজিগের আইভোরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর চুক্তিও প্রায় চূড়ান্ত। এছাড়া ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে রিয়ালে নিয়ে আসার জোর গুঞ্জন চলছে। সব মিলিয়ে, আয়ের এই বিশাল পুঁজি নিয়ে আগামী মৌসুমে নতুন এক শক্তিশালী দল নিয়ে ট্রফি পুনরুদ্ধারে নামার প্রস্তুতি নিচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত