টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে পালিমা বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ভেঙে গেছে রাস্তার বিভিন্ন অংশ, ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে করে উপজেলার কয়েকটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (২৩ মে) ঘটনাস্থল ঘুরে দেখা গেঠে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ। কোথাও আবার পিচ উঠে গিয়ে মাটির দেখা যাচ্ছে, আবার কোথাও রাস্তার ভেঙে সরু পথ পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। বিশেষ করে পিচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশের অবস্থা সবচেয়ে বেশি নাজুক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
নারান্দিয়া ইউনিয়নের প্রশাসক ডা. আবু সাইম আল সালাউদ্দিন বলেন, রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। বিষয়টি উপজেলা ইউএনও মহোদয় অবগত আছেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।
কালিহাতী উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন বলেন, আমি নতুন এসেছি। লুহুরিয়া থেকে পালিমা বাজার সড়কটি আমার নজরে আছে এবং আমি নিজেও বর্তমান অবস্থা দেখেছি। ঈদের পর থেকে কালিহাতীর সকল রাস্তার কাজ শুরু করা হবে। খুব দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য স্টেটমেন্ট সদর দপ্তরে পাঠানো হবে।
