মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টি বা মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কথিত বিষাক্ত চেতনানাশক হালুয়া ও তা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

শুক্রবার (২২ মে) ভোরে মাদারীপুর নতুন শহর এলাকার হোটেল জাহিদ (আবাসিক) এর দ্বিতীয় তলার ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার বাসিন্দা মো. কালাম হোসেন (৫৪), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লা (৪৯) এবং মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া এলাকার বাসিন্দা মো. জাকির হাওলাদার (৫০)।

শনিবার (২৩ মে) দুপুরে প্রেসব্রিফিং এ ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে কথিত চেতনানাশক বিষাক্ত হালুয়া, হালুয়া তৈরির বিভিন্ন রাসায়নিক উপকরণ, মধু, সরিষার তেল, সেকারিন, মোবাইল ফোন, পলিথিন প্যাকেটসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলায় বাস ও হাট-বাজারে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের টার্গেট করে প্রথমে সখ্যতা গড়ে তুলতো। পরে কৌশলে চেতনানাশক মিশ্রিত হালুয়া খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতো।

বিশেষ করে ঈদুল আযহাকে সামনে রেখে গবাদিপশুর হাটে আসা ক্রেতা ও পরিবহনের যাত্রীদের টার্গেট করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামিরা।

এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় ৩২৮/৩৭৯/৫১১/৩৪ ধারায় একটি মামলা হয়েছে।

মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে ৯টি, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে ৭টি এবং জাকির হাওলাদারের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অজ্ঞান পার্টি, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত