মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র দুস্থ্য শ্রমিক পরিবারকে ঈদ উপহার

আপডেট : ২৩ মে ২০২৬, ০৯:০৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর উদ্যোগে সাবেক দুস্থ ও অসহায় খনি শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) জিটিসি’র চ্যারিটি হোমে আয়োজিত অনুষ্ঠানে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ শ্রমিক পরিবারগুলোর হাতে তুলে দেন।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় প্রতিষ্ঠান জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড এবং বেলারুশিয়ান কোম্পানির যৌথ উদ্যোগে গঠিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) দীর্ঘদিন ধরে খনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার পাশাপাশি অসহায় শ্রমিক পরিবারের পাশে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় জিটিসি’র অধীনে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা অসহায় হয়ে পড়া শ্রমিকদের পরিবারকে চলতি বছরেও পুরো রমজান মাসের খাদ্যসামগ্রী, দুই ঈদে ঈদ বস্ত্র, উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

ঈদ সামগ্রী নিতে আসা মো. রোকন বলেন, আমার বাবা জিটিসি’র অধীনে খনিতে কাজ করতেন। হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ার পর আমরা অসহায় হয়ে পড়ি। পরে জিটিসি কর্তৃপক্ষ আমাকে চাকরি দেয়। আমার বোনের বিয়েতেও আর্থিক সহায়তা করেছে। প্রতি রমজান ও দুই ঈদে খাদ্য ও উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে।

সাবেক খনি শ্রমিকের স্ত্রী রোখসানা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। তখন জিটিসি আমাদের পাশে দাঁড়ায়। আমার সন্তানদের লেখাপড়ার জন্য মাসিক উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া রমজান মাস ও দুই ঈদে নিয়মিত খাদ্যসামগ্রী, উপহার ও নগদ অর্থ সহায়তা পাচ্ছি।

জিটিসি সূত্রে জানা যায়, তাদের চ্যারিটি হোম থেকে বর্তমানে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া খনি এলাকার মানুষের জন্য সপ্তাহে পাঁচদিন একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা চালু রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত