ঈদ উপলক্ষ্যে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:৪৭ এএম

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সরকার দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রবিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।

মুক্তির আদেশ পাওয়া বন্দিরা হলেন– ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত