শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ মে ২০২৬, ০২:০৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। এ বিষয়ে ইতিমধ্যে ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও ট্রাভেল পাস চাওয়ার গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) জন্য অনেক আগেই একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই আইনি প্রক্রিয়ার বিধান মতেই তাকে ফেরত চাওয়া হচ্ছে। সরকার চায় তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হোন।

সংলাপে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অনলাইন ও অফলাইন জুয়া এবং ব্যাটিং কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য একটি সম্পূর্ণ নতুন এবং আধুনিক আইন প্রণয়নের কাজ চলছে। বর্তমান আইনটি অনেক পুরোনো উল্লেখ করে তিনি বলেন, ১৮৬৭ সালের যে পুরোনো আইনটি রয়েছে তা বাতিল করে যুগোপযোগী আইন তৈরি করা হচ্ছে।

ইন্টারনেট ও প্রযুক্তির অপব্যবহারের ফলে বর্তমান সময়ে জুয়া ও অপরাধের ধরন বদলেছে। এই সব নতুন ধরনের অপরাধকে কঠোরভাবে দমন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সংসদ অধিবেশনেই এই নতুন আইনের খসড়াটি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত