রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ইট-বালু ব্যবসায়ী ও ঠিকাদার খোরশেদ আলম সোহেলকে মব হামলার মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। তার স্ত্রী তারিন আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা করেন। এতে রতন, খোকন, মাসুম, কাউসার, হাবিব ও রাফিসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সোহেল বর্তমানে ধানম-ির একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ভবন নির্মাণকাজে ইট-বালু ও পাথর সরবরাহের ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে সোহেলের বিরোধ চলছিল। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হামলা চালানো হয় এবং পরে তার পাশে পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টা করা হয়। আরও বলা হয়, গত রবিবার বেলা ১১টার দিকে এক অপরিচিত ব্যক্তি সোহেলকে পশ্চিম নন্দীপাড়া এলাকায় একটি ‘বিচারের’ কথা বলে ডেকে নেয়। পরে আল-মদিনা মসজিদের পাশের পানির পাম্প এলাকার রাস্তায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তার ওপর হামলা চালায়।
