টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিকশার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলার বাংড়া কালি মন্দিরের সামনে এদুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয়দের বরাতে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, সকালে বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে তাকবির মিয়া নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় মোটরসাইলে আরোহী লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে লিমন মারা যান। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনের মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
