শাপলা চত্বরে হত্যায় হাসিনাসহ পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা 

অভিযোগ প্রসিকিউশনের আমলে

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:২২ এএম

১৩ বছরের বেশি সময় আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল সোমবার প্রসিকিউশনপক্ষে এ অভিযোগ দাখিল করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে দাখিলকৃত এ অভিযোগ গ্রহণ করে পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এ মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

অভিযোগে তিন সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

সেনাবাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের মধ্যে আছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল ম-ল, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ডিএমপির সাবেক ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব  কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী। এ মামলায় শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, এ কে এম শহীদুল হক, জিয়াউল আহসান, দিপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে আছেন।

আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়। প্রায় দুই বছর আগে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পরে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। এর ধারাবাহিকতায় তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলো। ইতিমধ্যে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে, হেফাজতের সমাবেশকে ঘিরে ঢাকা ও ঢাকার বাইরে ৬১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন ও কুমিল্লায় একজনসহ ৫৮ জনের নাম ঠিকানা নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।

গতকাল চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরে নারকীয় ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন তারা। যারা গ্রেপ্তার আছেন তাদের শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করা হয়েছে। যারা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পলাতকদের বিষয়ে ১৬ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা যদি হাজিরা দিয়ে না থাকে বা গ্রেপ্তার না হয়ে থাকে তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে বলা হবে। এরপর মামলাটি বিচারের পর্যায়ে আসবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত