‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৬ জুলাই) বিকেলে উপজেলার ৯নং বল্লা ইউনিয়নের রামপুর বাজারে সচেতনতামূলক এ প্রচারণা সভার আয়োজন করা হয়।
রামপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক মাহমুদ হক চানু মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো জাতিকে অচল করে দেয়। অপরাধ ও সামাজিক ব্যাধি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক হিরু, কোকড়হরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন মিন্টু খান এবং উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন।
বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বল্লা ইউনিয়ন যুবদল নেতা রাসেল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।