বিশ্বকাপের আগে হ্যাটট্রিক কেইনের

আপডেট : ২৫ মে ২০২৬, ০১:৩০ এএম

বিশ্বকাপের আগে নিজের বিধ্বংসী ফর্মের জানান দিলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। শনিবার রাতে অলিম্পিয়াস্তাদিওনে অনুষ্ঠিত জার্মান কাপের (ডিএফবি-পোকাল) ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। আর এই জয়ের নায়ক হ্যারি কেইন, যিনি একাই করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এই জয়ের মাধ্যমে ঘরোয়া ফুটবলে আরেকটি ‘ডাবল’ (বুন্দেসলিগা ও জার্মান কাপ) নিশ্চিত করল বায়ার্ন।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মান ফুটবল ফেডারেশনের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে গ্যালারিতে প্রতিবাদ শুরু করেন বায়ার্ন ও স্টুটগার্ট সমর্থকরা। উভয় পক্ষের জ্বালানো আতশবাজি ও ফ্লেয়ারের ধোঁয়ায় মাঠের দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।

ঠিক এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই ম্যাচের ৫৫তম মিনিটে ডেডলক ভাঙেন হ্যারি কেইন। মাইকেল অলিসের চমৎকার ক্রসে এক দুর্দান্ত ডাইভিং হেডারে বায়ার্নকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। গোলের পর বায়ার্ন সমর্থকদের উল্লাস ও আতশবাজির কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়।

১-০ তে এগিয়ে যাওয়ার পর কেইনের একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ম্যাচের ৮০তম মিনিটে লুইস দিয়াজের পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এরপর ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে স্টুটগার্টের অ্যাঞ্জেলো স্টিলার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচ শেষে হ্যারি কেইনের প্রশংসা করে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘কেবল তার মাঠের পারফরম্যান্সই নয়, দলের প্রতি তার ব্যক্তিত্বও দারুণ। ক্যারিয়ারে এত গোল করার পরও একজন মানুষ কীভাবে সবার সঙ্গে এতটা মিশে থাকতে পারে, তা ভাবলে অবাক হতে হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত