কুয়েতের জনগণের জন্য ২৪০ টন খাদ্য সহায়তা পাঠালো বাংলাদেশ

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৫৬ পিএম

কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে একাধিক ফ্লাইটে মোট ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী কুয়েতে পাঠানো হচ্ছে। এই উদ্যোগকে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির একটি বড় প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

গত রবিবার (২৪ মে) কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র নিকট এই খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো এই সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

হস্তান্তর অনুষ্ঠান শেষে আয়োজিত বৈঠকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ওই বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের মহামান্য আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় দুই দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাংলাদেশের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের এই উপহার ও সংহতি প্রকাশ কুয়েত-বাংলাদেশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত