বৈশাখী ঝড়ে শিমুলিয়া ঘাটের ১০ দোকান লণ্ডভণ্ড

আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:০৯ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের প্রায় ১০ দোকান লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আজ সোমবার (২৫ মে) দুপুর ১ টা ৪০ মিনিটে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ঝড়ের পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

মাওয়া কুটুমবাড়ি, ইলিশ বাড়ি রেস্তোরাঁর মালিক জানান, ২০ সেকেন্ডের ঝড়ে আমাদের রেস্তোরাঁসহ আশেপাশে যতগুলো রেস্তোরাঁ ছিল সবগুলোর চাল উড়িয়ে নিয়ে গেছে। সামনে ঈদ আমরা দুইদিক দিয়ে ক্ষতিগ্রস্ত। প্রথমত মেরামত করতে প্রতিটি দোকান প্রতি ২০ থেকে ৩০ লাখ টাকা করে লাগবে। সে সাথে মেরামত করতে সময় লাগবে কিন্তু পরশু দিন ঈদ। কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হলাম বলার মতো না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, এ ঝড়ে শিমুলিয়া ঘাটে হোটেল ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়েছে। আমরা সরকারিভাবে সাধ্যমতো সহযোগিতা করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত