ঈদে গান বাজনা

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:৫৭ এএম

এই কোরবানির ঈদেও প্রকাশ পাচ্ছে একগুচ্ছ নতুন গান। এই তালিকায় পুরনো শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাচ্ছে গানগুলো। ঈদের গানের চমকপ্রদ খবর হলোথ ২৩ বছর পর আবারও কায়ার সঙ্গে গান প্রকাশ করছেন হাবিব ওয়াহিদ। ‘কই রইলা রে’ শিরোনামের গানটিতে হাবিব ও কায়ার সঙ্গে আরও আছেন মুজা। আগামীকাল বুধবার হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। এর পরই আগ্রহের তালিকায় রয়েছেন বালাম। রোজার ঈদে প্রকাশ পেয়েছে এই সংগীতশিল্পীর পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’র চারটি অডিও গান। কোরবানির ঈদ উপলক্ষে এই অ্যালবামের মাওলা গানের মিউজিক ভিডিও প্রকাশ করছেন বালাম। গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম।

ঈদে আসছে ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন বুঝলা না’। লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত আয়োজন করেছেন ইমরান। ঈদ উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। ঈদ উপলক্ষে টিঅ্যান্ডটি কনসালট্যান্সি লন্ডন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অবন্তী সিঁথির ‘প্রেম’ শিরোনামের গান। এতে অবন্তী সিঁথির সহশিল্পী অমিত দে। গান লিখেছেন শাহান কবন্ধ, সংগীতায়োজনে মীর মাসুম।

ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের ‘রূপসী শ্রীমঙ্গল’। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে তৈরি গানটি নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। ঈদের আরেক গান তানভীর আহমেদের লেখা ও সুর করা ‘প্রেমকাহিনি’তে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও কোনাল। ভিডিও বানিয়েছেন আকরাম খান। মডেল হয়েছেন সাকিব সিদ্দিকী ও আরোহী মীম। কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই গান।

‘কান পেতে শোন’ গানের মাধ্যমে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলা। মামুন আফনান রুমির লেখা গানটি সুর করেছেন মিলন। সংগীত আয়োজন করেছেন এমএম রনি। বোরহানউদ্দিন মিরাজের নির্দেশনায় গানের ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মালিহা মাশফিরাত মেধা। গানটি প্রকাশ পেয়েছে ওয়াইআর মিউজিক ইউটিউব চ্যানেলে।

সময়ের ব্যস্ত গায়িকা সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের গান। এতে লিজার সহশিল্পী অনিক। লালন লোহানীর লেখা এই গানের সুর ও সংগীত আয়োজন করেছেন নাজির মাহমুদ। মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ বিশ্বাস শংকর। এই ঈদের মাধ্যমে ৩ বছর পর প্রকাশ পাচ্ছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন গান। ‘লোকে বলে’ শিরোনামের গানটি লিখেছেন বাঁধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদীর। ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন পশ্চিমবঙ্গের বাবা যাদব। মিউজিক ভিডিওতে নুসরাত ফারিয়ার সঙ্গে পাওয়া যাবে ফুয়াদকেও। আজ মঙ্গলবার এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে লোকে বলে গানের ভিডিও।

সংগীতশিল্পী ঐশীর জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালীর মাইজদীতে। এবার নিজের এই পরিচয় নিয়ে তৈরি গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘নোয়াখাইল্লা মাইয়া’। এতে ঐশীর সঙ্গে আছেন ব্ল্যাক জ্যাং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত