রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে আগমন কণ্ঠশিল্পী অংকনের। অন্যদিকে অভিজিৎ চক্রবর্তী জিতু মিউজিশিয়ান হিসেবে পরিচিত মুখ। গানের জগতে পথচলার মাঝেই দুজন, দুজনকে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবার এই সংগীত দম্পতির ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ২৫ জুলাই স্থানীয় সময় রাত ২টা ১২ মিনিটে নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইস হাসপাতালে মা হয়েছেন অংকন। উচ্ছ্বসিত জিতু জানান, ‘সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। দুজনের নামের সঙ্গে মিল রেখে ওর মা ছেলের নাম রেখেছে অনন্য জিৎ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
২০২২ সালে অংকন ও জিতু আমেরিকায় পাড়ি জমান। জিতু তার নিজস্ব স্টুডিওতে মিউজিকের পাশাপাশি ব্যবসা করছেন। অন্যদিকে প্রবাসে বিভিন্ন কনসার্টে অংকন নিয়মিত গান করছেন।