স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্ত নাসার মহাকাশ যোগাযোগ কেন্দ্র

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের প্রভাবে স্পেনে অবস্থিত নাসার অন্যতম গুরুত্বপূর্ণ গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্র খালি করতে হয়েছে। এতে দূর মহাকাশে থাকা বিভিন্ন মহাকাশযানের সঙ্গে নাসার যোগাযোগ কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে। 

নাসা জানিয়েছে, মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রোবলেদো এলাকায় অবস্থিত, যা রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে।

এক বিবৃতিতে মার্কিন মহাকাশ সংস্থাটি জানায়, দাবানল ইতোমধ্যে কেন্দ্রটির এলাকা অতিক্রম করেছে। তবে পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।

নাসা আরও জানায়, কেন্দ্রটির সব কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এমডিএসসিসি নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক (ডিএসএন)-এর অংশ। বিশ্বের তিনটি স্থাপনার সমন্বয়ে গঠিত এই নেটওয়ার্কের মাধ্যমে দূর মহাকাশে থাকা বিভিন্ন মহাকাশযান ও অনুসন্ধান মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।  

অন্য দুটি কেন্দ্র রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে। নাসা জানিয়েছে, স্পেনের কেন্দ্রটি খালি করার পরও মিশন পরিচালনার দায়িত্ব নির্বিঘ্নে বাকি দুটি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে নাসা বলেছে, 'আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে দাবানলে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দা ও তাদের পরিবারের প্রতিও আমাদের সমবেদনা রয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত