ঈদে কে কোথায় কী করছেন

আপডেট : ২৯ মে ২০২৬, ০৩:৫১ পিএম

এবারের ঈদে কোন তারকা কোথায় আছেন এবং কীভাবে সময় কাটাচ্ছেন, তা জানিয়েছেন বেশ কয়েকজন। বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ ঈদের ছুটিতে মায়ের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি টাঙ্গাইলে গেছেন। মামুনুর রশীদ বলেন, ‘টানা ১০ ঘণ্টার যানজট ঠেলে ঈদের ছুটিতে টাঙ্গাইল এসেছি। এই ভোগান্তির মধ্যেও অন্যরকম আনন্দ আছে। 

সংগীতশিল্পী ফাহমিদা নবী এবারের ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন। সম্প্রতি তিনি সেখানে গেছেন। প্রবাসে ঈদের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশের মাটিতে। ঈদের এই সময়টায় আপনজনদের খুব মিস করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবার ঈদ ভালো কাটুক।’ 

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও এবারের ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আজ ২৯ মে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।স্ত্রীসহ দুই সন্তানের সঙ্গে তোলা ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই ঈদের আনন্দ আপনার ও আপনার পরিবারের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 

আরেক অভিনেতা আবদুন নূর সজলও আছেন যুক্তরাষ্ট্রে। অনেক দিন পর দেশের বাইরে ঈদ করছেন তিনি। সজল বলেন, ‘বেশির ভাগ সময় ঈদের ছুটি দেশেই কাটাই, কিন্তু এবার প্রবাসে কাটছে। সবার আগে নিজের দেশ। মা-বাবাকে খুব মিস করছি। দেশে থাকা কাছের মানুষদেরও অনেক মিস করছি।’ 

অভিনেতা ফজলুর রহমান বাবু ঈদের ছুটিতে নিজ শহর ফরিদপুরে গেছেন। প্রতি ঈদেই তিনি নাড়ির টানে বাড়ি ছোটেন। বাবু বলেন, ‘ঈদের ছুটিতে নিজের বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে। চেনাজানা সবার সঙ্গে দেখা হয়, সুন্দর সময় কাটাতে পারি।’ 

জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিকা আমিনও ঈদের ছুটিতে নিজ শহর রাজশাহীতে গেছেন। সেখানে মা-বাবার সঙ্গে টানা কয়েক দিন কাটাবেন তিনি। তানজিকা বলেন, ‘নিজের বাড়িতে আসা মানেই অন্য রকম ভালো লাগা ও শান্তি।  বাবা-মায়ের সঙ্গে মনের মতো সময় কাটাচ্ছি।’ 

জাহিদ হাসান ঈদের ছুটিতে ঢাকায় আছেন। তবে মা-বাবা যত দিন বেঁচে ছিলেন, তত দিন বেশির ভাগ ঈদ তিনি সিরাজগঞ্জে করেছেন। তিনি বলেন, ‘এবার ঈদের ছুটিতে ঢাকায় আছি। ঈদ সবার জন্য সুখ ও শান্তি বয়ে আনুক, ঈদের আনন্দ হোক সবার।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত