বিশ্ববাজারে হঠাৎ কমলো স্বর্ণের দাম

আপডেট : ০১ জুন ২০২৬, ০১:২২ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যে সামান্য পতন লক্ষ্য করা গেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যবান এই ধাতুর ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকেও গভীর নজর রাখছেন বিশ্ববাজারের ব্যবসায়ীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সোমবার (০১ জুন) সকালে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৫২১.২৫ ডলারে নেমে আসে। অথচ এর আগের সেশনেই স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, আগামী আগস্টে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ০.৯ শতাংশ কমেছে, যার বর্তমান বাজারমূল্য প্রতি আউন্স ৪,৫৫১.৬০ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন আগের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চিরাচরিত যে চাহিদা থাকে, তা সাময়িকভাবে কিছুটা কমে গেছে।

পাশাপাশি, বর্তমান বাজার পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ওপরই আগামী দিনগুলোতে স্বর্ণের বাজার কোন দিকে মোড় নেবে, তা অনেকাংশে নির্ভর করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত