অবশেষে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শবনম

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৩৫ এএম

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনমের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত প্রজ্ঞাপনে ‘আজীবন সম্মাননা’র জন্য মনোনীত হয়েছেন তিনি। এর আগে গত ২৯ জানুয়ারি ঘোষিত ফলাফলে আজীবন সম্মাননাসহ কয়েকটি বিভাগে অসংগতির অভিযোগ উঠলে তা পর্যালোচনার উদ্যোগ নেয় মন্ত্রণালয়।

ঢাকার সিনেমা ও পাকিস্তানের বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করলেও অভিনয়ের জন্য কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শবনম। বিশেষ করে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অনবদ্য অভিনয়ের পরও পুরস্কার না পাওয়ায় একরকম আশাহত হয়েছিলেন তিনি। তবে রাষ্ট্রীয় এই আজীবন সম্মাননার প্রতি সবসময়ই একধরনের সুপ্ত প্রত্যাশা ছিল তার।

রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবরে আবেগাপ্লুত শবনম জানান, এমন খুশির মুহূর্তে তিনি প্রয়াত স্বামী ও প্রখ্যাত সুরকার রবিন ঘোষকে ভীষণ মিস করছেন। তিনি বলেন, ‘আমি এই দেশেরই মেয়ে। অনেক পরে হলেও এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় আমি আনন্দিত ও কৃতজ্ঞ।’

নায়ক রাজ্জাকের বিপরীতে কালজয়ী ‘নাচের পুতুল’ ছাড়াও ‘সন্ধি’, ‘সহধর্মিণী’, ‘শর্ত’, ‘যোগাযোগ’ ও ‘দিল’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার এই নায়িকা এখনো দর্শক হৃদয়ে সমাদৃত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত