জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টার অভিযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
বুধবার (১১ নভেম্বর) বিকালে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 
৩০ বছর বয়সী ওই নারী পুলিশ কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানার কনস্টেবল। ওই দম্পত্তি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাসায় তারা ভাড়া থাকেন।
 
জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জুড়ী থানায় দায়িত্ব পালন শেষে পায়ে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ কনস্টেবল। পথে অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এ সময় তিনি আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যায়।
 
নারী পুলিশ সদস্যের স্বামী বলেন, 'আমার স্ত্রী তার ডিউটি শেষ করে প্রায়ই পায়ে হেঁটে ভাড়া করা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানা থেকে তিনি ডিউটি শেষে একা বাসায় ফিরছিলেন। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ আমার স্ত্রীর মুখ চেপে ধরেন। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। ঘটনার আকষ্মিকতায় আমার স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।'
 
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বুধবার বিকালে বলেন, 'ঘটনাস্থল ছিল অনেকটা নির্জন ও অন্ধকারাচ্ছন্ন। ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখেছি। একটি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেন। এরপর আশপাশের লোকজনদের দৌড়ে ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায় ফুটেজে। প্রাথমিকভাবে ধারণা করছি এটি ছিনতাইয়ের চেষ্টা হতে পারে। তবে তারা কিছুই নিয়ে যেতে পারেনি। এ ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।'
সর্বশেষ সর্বাধিক পঠিত