কুড়িগ্রামের রাজারহাটে তিন বছর ধরে বৃদ্ধ বাবাকে ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই বৃদ্ধর স্ত্রীর মৃত্যুর পর জানাজা ও দাফনেও অংশ নিতে দেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার থানা পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে স্ত্রীর দাফনের প্রায় ৪ ঘণ্টা পর তিনি কবর জিয়ারত করেন। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুল জলিল (৭৫) ও মাহমুদা বেগম (৬৫) দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেন। অভিযোগ রয়েছে, মাহমুদা বেগম অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার দায়িত্ব নেন মেয়েরা। গত বুধবার রাতে তিনি মারা গেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় বড় ছেলে আব্দুল মোন্নাফ বাধা দেন ও বৃদ্ধ বাবা আব্দুল জলিলকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহের দাফন সম্পন্ন হয়। খবর পেয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সবার সঙ্গে আলোচনা করে অবরুদ্ধ আব্দুল জলিলকে মুক্ত করেন।
