জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপির আরও ৩ নেতা

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:৫৯ এএম

ক্ষমতাসীন বিএনপির আরও তিন নেতাকে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা এই তিন জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগকৃত প্রশাসকরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ছাড়া তারা বিধি অনুযায়ী বেতনভাতা পাবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মো. হাবিবুল ইসলাম হাবিব বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হতে পারেননি। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মো. শরীফুজ্জামান শরীফ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত