লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহে চালানো একটি হামলায় আব্দুল হার্ব নামের ওই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করা হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, আব্দুল হার্ব হিজবুল্লাহর প্রকৌশল ইউনিটের একজন কমান্ডার ছিলেন। তিনি দক্ষিণ লেবাননে নিয়োজিত ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক তৈরি, সংযোজন এবং তা সক্রিয় করার কাজে সরাসরি জড়িত ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী তাকে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি অনুযায়ী, আব্দুল হার্ব ২০০৬ সালের লেবানন যুদ্ধ থেকেই ইসরায়েলি বাহিনীর ওপর বিভিন্ন হামলায় যুক্ত ছিলেন।
কমান্ডারকে হত্যার দাবির পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, গত রাতে তাদের বিমান বাহিনী লেবাননে একটি রকেট লঞ্চার আঘাত হেনে ধ্বংস করে দিয়েছে।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যোদ্ধারা এই লঞ্চারটি ব্যবহার করে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছিল।
ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার হারিয়েছে আইএইএ