সন্দ্বীপ চ্যানেলে ডুবন্ত বাল্কহেডের ৪ শ্রমিক উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সন্দ্বীপগামী একটি কাঠের ট্রলার থেকে সাগরে ভাসমান চার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, সকাল ১১টায় কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা সন্দ্বীপ চ্যানেলে লাইফ জ্যাকেট পরিহিত চারজনকে সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। তাদের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিরা ডুবন্ত একটি বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক ছিলেন। পরে তাদের ট্রলারে করে সন্দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সন্দ্বীপকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম মাঝিরহাট লাইটার শ্রমিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য এখনও আমাদের কাছে আসেনি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারও জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো তথ্য পৌঁছেনি।

ঘটনার প্রকৃত কারণ ও ডুবন্ত বাল্কহেডের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত