হিলি সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে সতর্কাবস্থায় বিজিবি

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন চেষ্টার ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সর্তকাবস্থায় রয়েছে বিজিবি।

সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি ব্যবস্থা, এর পাশাপাশি তল্লাশি করা হচ্ছে। এদিকে সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান,সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশের মাঝে যে উত্তেজনা বিরাজ করছে এর ফলে সম্ভাব্য পুশইনের যে সকল স্থানসমূহ আমরা চিহ্নিত করতে পেরেছি। সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি।

এছাড়াও আমরা আমাদের পোস্টগুলোর জনবল বৃদ্ধির পাশাপাশি আমাদের বিশেষায়িত যে সকল সংস্থা রয়েছে তাদেরকে দ্বারা এবং আমাদের আইসিপিতে যারা আমাদের নিয়মিত আসা-যাওয়া করেন যাত্রী বা জনগণ রয়েছে তাদের মাধ্যমেও যাতে কোনো অবৈধ নাগরিক কিংবা পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে,সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি।

সীমান্ত এলাকায় বসবাসরতদের উদ্দেশ্যে তিনি জানান, তারা যাতে অবৈধভাবে শূন্য লাইন ক্রস না করে কিংবা তাদের মাধ্যমে যাতে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।এছাড়া এলাকার যত মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসনালয় রয়েছে, সেখানে বিশেষ ঘোষণার মাধ্যমে, এমনকি জুম্মার নামাজের আগে এবং পরে জনসচেতনতামূলক ক্লাসের মাধ্যমে বা তাদের প্রেরণামূলক বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, এ দেশের প্রতিটি মানুষ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছি, তারাও আমাদের সঙ্গে তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত