সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যান যাত্রী স্বামী-স্ত্রী সহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৬টার উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা আরও ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের অটোভ্যান চালক মো. নুরু মিয়া (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকালে মুকুন্দগাতীগামী যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোভ্যান মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ঠিক সেই মুহূর্তে এনায়েতপুর কেজির মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির ‘ঢাকা এক্সপ্রেস’ বাসটি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ভ্যানচালক নিহত হন। এঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হস। আহতদের বেলকুচি, সিরাজগঞ্জ ও এনায়েতপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও চালকের সহকারি পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি ইমাম জাফর।
