অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি না পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলী আকবর খান পিআরএলের (অবসর-পূর্ব ছুটি) আবেদন করেছেন। গত বৃহস্পতিবার পুলিশের পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় আলী আকবর খানের নাম না থাকায় তার ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়। গত ১ জুন আলী আকবরকে সিআইডির ভারপ্রাপ্ত প্রধান করে আদেশ জারি করে পুলিশ সদর দপ্তর। এ অবস্থায় তিনি পিআরএলের আবেদন করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে জোরালো আলোচনা চলছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি পুলিশ সদর দপ্তর।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডিআইজি আলী আকবর খানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডির প্রধান করার প্রস্তাব প্রশাসনিক পর্যায় থেকে পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত পদোন্নতি হয়নি। একই সঙ্গে তার পিআরএল আবেদন গ্রহণ করা হয়েছে কি না এবং তিনি আদৌ দায়িত্ব ছাড়ছেন কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি।
এদিকে পদত্যাগ ও পিআরএলে যাওয়ার খবর প্রকাশের পর এ সংক্রান্ত দুটি সরকারি নথিতে দেখা গেছে, একটি আলী আকবর খানের স্বাক্ষরিত আবেদনপত্র, অন্যটি সেই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে সিআইডির প্রশাসনিক পত্র।
আলী আকবর খানের স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সময়ে ২০০৯ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের প্রথম সদস্য হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন এবং ২০২২ সালের ৭ এপ্রিল তিনি চাকরিচ্যুত হন। প্রায় ১৬ বছর চাকরির বাইরে থাকার পর আওয়ামী লীগ সরকার পতন হলে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরে তিনি পুনর্বহাল হন।
আবেদনে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ায় চাকরিতে ফেরার সুযোগ পেয়েছেন। ৪ জুন জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদোন্নতির প্রজ্ঞাপনে তার নাম না থাকায় তিনি মনে করছেন, কোনো জানা-অজানা অযোগ্যতার কারণে তিনি আবারও বৈষম্যের শিকার হয়েছেন। এ অবস্থায় নিজের অযোগ্যতা নিয়ে সরকারের বোঝা না হয়ে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চান। আবেদনে তিনি আগামী মাসের ২ জুলাই থেকে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর এবং ওই তারিখ থেকে এক বছরের পিআরএল (প্রি-রিটায়ারমেন্ট লিভ) মঞ্জুরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অনুরোধ জানান।
অন্যদিকে একই দিন সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রে আলী আকবর খানের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আলী আকবর খান স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং ২ জুলাই থেকে এক বছরের পিআরএল মঞ্জুরের জন্য আবেদন করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
