ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ঘরে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তান শেহজাদ খান বীরের পর এবার এই তারকা দম্পতির কোল আলো করে এলো কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে বুবলী নিজেই এই আনন্দের খবরটি প্রকাশ্যে এনেছেন।
ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ বুবলী আরও জানান, বর্তমানে তার মেয়ে বেশ সুস্থ ও ভালো আছে।
জানা গেছে, গত ১১ মে (সোমবার) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন বুবলী। মাতৃত্বকালীন বিরতির পর খুব দ্রুতই শুটিং সেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কাজের তাগিদ অনুভব করে বুবলী বলেন, ‘কাজে ফেরার তাগাদা তো আছেই। প্রযোজকরা অনেক টাকা লগ্নি করেছেন। মাতৃত্বকালীন সময়টাতে অনেক কাজ ঝুলে গেছে। কিছুদিন বিশ্রাম শেষে খুব শিগগির কাজে ফিরব, যাতে কোনো নির্মাতাই ক্ষতিতে না পড়েন। আশা করছি, এ সময়টুকু বিবেচনায় রাখবেন।’
এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের জন্ম নেয় শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। পরবর্তী সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ছেলের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা জুটি।
