কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় নতুন বিসিক শিল্পনগরী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দ্রুততম সময়ের মধ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাবনার বিসিকে (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) বর্তমানে কোনো জায়গা খালি নেই, তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় ২০০ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার পাবনার ঈশ্বরদীর জয়নগরের মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে পাবনায় লিচুর জন্য হিমাগার স্থাপন করা হবে। এ সময় তিনি জানান, বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় ৪ কোটি টন চাল উৎপাদন করে এবং পেঁয়াজ উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। এ ছাড়া বছরে প্রায় ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হচ্ছে। যথাযথ সংরক্ষণের অভাবে এর একটি অংশ নষ্ট হয়ে যায়।
বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান প্রমুখ।
