চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় সাবেক মেয়র এম মনজুর আলমের একটি বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের মতবিনিময় সভার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফটিকছড়ির থানার উপপরিদর্শক (এসআই) জামাল বাদী হয়ে শুক্রবার (৬ জুন) মেয়র মনজুর আলমসহ ২৯ জনকে সুনির্দিষ্ট আসামি করে মামলা দায়ের করেন। এরপর দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিলের গ্রামের জামান বাবু ও ফটিকছড়ি পৌরসভার সাইফুল ইসলাম।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, নিষিদ্ধ সংগঠনের সভার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলেও অংশগ্রহণকারীরা আগেই সরে যান। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সভায় অংশগ্রহণকারীদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় যুবদল নেতা শেখ সুমন বলেন, সভার খবর পেয়ে প্রশাসনকে জানিয়েছি। ফটিকছড়িতে কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ চলতে দেওয়া হবে না। মেয়র মনজুর আলমের প্রত্যক্ষ নির্দেশনায় এবং ম্যানেজারের সহায়তায় ছাত্রলীগ এখানে সভা করেছে। প্রশাসনকে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।
এবিষয়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশ বিরোধী কার্যকলাপের অংশ হিসেবে মেয়র মনজুর আলমের সহায়তায় ফটিকছড়িতে সভা করেছে। আইনশৃংখলা বাহিনীকে দ্রুত গ্রেপ্তারপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি।
