চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সাইরা মনি শৈলকুপা এলাকার মরহুম আবুল বশর মেম্বার বাড়ির বাসিন্দা মো. আব্দুল হালিম (ননা মিয়া)-এর কনিষ্ঠ কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করলে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে স্থানীয়ভাবে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, ফটিকছড়িতে বারবার পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। সচেতন মহলের মতে, শিশুদের প্রতি নজরদারির ঘাটতি ও প্রয়োজনীয় সতর্কতার অভাব এমন দুর্ঘটনার অন্যতম কারণ। তারা শিশু নিরাপত্তায় পরিবার ও স্থানীয় পর্যায়ে আরও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
