ইবোলা মোকাবিলায় আরও ৩৮ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:১০ এএম

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোয় (ডিআরসি) ইবোলা পরিস্থিতি মোকাবিলায় আরও ৩ কোটি ৮০ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করে বলেছে, জোরালো পদক্ষেপ নেওয়া না হলে এই প্রাদুর্ভাব ২০১৪-২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা সংকটের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বরাদ্দের ফলে ইবোলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরাসরি অর্থায়নের পরিমাণ ২০ কোটি ডলার ছাড়িয়েছে।

এই অর্থ ঠিক কোন কোন খাতে ব্যয় করা হবে, তা বিস্তারিত না জানালেও মন্ত্রণালয় বলেছেÑ তারা সিডিসির পাশাপাশি ডিআর কঙ্গো ও উগান্ডার সঙ্গে যৌথভাবে প্রাদুর্ভাবের বিরুদ্ধে ‘দ্রুত ও কার্যকর পদক্ষেপ’ নিতে নিবিড়ভাবে কাজ করছে। সিডিসির ইবোলা রেসপন্স ইনসিডেন্ট ম্যানেজার ড. সতীশ পিল্লাই জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার লক্ষ্যে সিডিসি গত শুক্রবার এই প্রাদুর্ভাবের ওপর তিনটি বৈজ্ঞানিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। গত ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইবোলার ‘বুন্দিবুগিও’ স্ট্রেইনের ওপর বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণার পর এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন। ইবোলার এই বিশেষ স্ট্রেইনের জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫ জুন পর্যন্ত দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৫২ জন এবং মৃতের সংখ্যা ছিল ৮২ জন। মাত্র ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা গোষ্ঠী সংক্রমণের উদ্বেগজনক হার নির্দেশ করে। এদিকে, আফ্রিকা সিডিসির মতে, এই প্রাদুর্ভাবের কারণে ১১টি দেশ ঝুঁকিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিডিসি বলছে, তাদের গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, যদি দ্রুত ও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হয়, তবে ডিআর কঙ্গোয় বুন্দিবুগিও স্ট্রেইনের এই প্রাদুর্ভাব ২০১৪-২০১৬ সালের পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাবের সমান বা তার চেয়েও বড় আকার ধারণ করতে পারে।

সিডিসির সেন্টার ফর ফোরকাস্টিং অ্যান্ড আউটব্রেক অ্যানালিটিক্সর পরিচালক জেসন আশের বলেন, যেসব মডেলে রোগীদের আইসোলেশন বা আলাদা রাখার ব্যবস্থা সীমিত দেখা গেছে, সেখানে এই প্রাদুর্ভাব ইতিহাসের অন্যতম বৃহত্তম রূপ ধারণ করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত