বিশ্বের ৩৬ দেশের অধিকাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তাদের জরিপ অনুযায়ী, বিশ্বজুড়ে গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন, বিপরীতে ইতিবাচক মনোভাব মাত্র ২৫ শতাংশ মানুষের। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ইউরোপের দেশগুলোতে এই নেতিবাচক মনোভাব অনেক বেশি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে অবধি চালানো এই জরিপের ফল গত ৪ জুন প্রকাশ করেছে পিউ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ৭৯ শতাংশ মানুষ ইসরায়েল নিয়ে নেতিবাচক; এর মধ্যে ৬৮ শতাংশের মনোভাবই ‘অত্যন্ত নেতিবাচক’। এই অঞ্চলে সবচেয়ে বেশি ৮৭ শতাংশ নেতিবাচক মনোভাব দেখা গেছে পাকিস্তানে। জরিপে ইসরায়েল সম্পর্কে সবচেয়ে কম ২৮ শতাংশ নেতিবাচক মনোভাব দেখা গেছে ভারতে। বৈশ্বিক পরিসরে সর্বোচ্চ ৯৭ শতাংশ নেতিবাচক মনোভাব দেখা গেছে তুরস্কে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রেও ৬০ শতাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছে, এর মধ্যে ২৮ শতাংশের মনোভাব ‘অত্যন্ত নেতিবাচক’। তবে যুক্তরাষ্ট্রে এই মনোভাবে রাজনৈতিক বিভাজন স্পষ্ট; যেখানে ৮৩ শতাংশ উদারপন্থি বা বামপন্থিরা ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন, সেখানে রক্ষণশীল বা ডানপন্থিদের মধ্যে এই হার মাত্র ৩৭ শতাংশ।
এ ছাড়া উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে বয়স্ক ও ডানপন্থিদের তুলনায় তরুণদের মধ্যে ইসরায়েলের প্রতি ক্ষোভ বেশি। যেমন হাঙ্গেরিতে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৭২ শতাংশই ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট, অথচ ৫০ ঊর্ধ্বদের মধ্যে এই হার ৪৫ শতাংশ। বিশেষ করে ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের প্রায় অর্ধেক বা এর বেশি প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন, ইসরায়েলের প্রতি তাদের ‘অত্যন্ত নেতিবাচক’ মনোভাব রয়েছে। এই দেশগুলোতে প্রতি ১০ জন বামপন্থির মধ্যে ৯ জনই ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ মানুষই জানিয়েছেন, বৈশ্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাদের আস্থা নেই। বাংলাদেশে ৭৬ শতাংশ মানুষ তার ওপর অনাস্থা প্রকাশ করেছেন, এর মধ্যে ৬২ শতাংশের নেতানিয়াহুর ওপর একবিন্দুও আস্থা নেই। পাকিস্তানে এই অনাস্থার হার ৮৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ। তবে ভারতের মাত্র ২৭ শতাংশ মানুষ নেতানিয়াহুর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, বিপরীতে ৩৪ শতাংশ মানুষ তার ওপর পূর্ণ আস্থা রাখেন।
পিউ জানিয়েছে, ২০২৫ সালের তুলনায় এই বছর ইসরায়েলের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব আরও বেড়েছে। উদাহরণস্বরূপ, আর্জেন্টিনায় গত বছর ৪৬ শতাংশ মানুষ ইসরায়েল নিয়ে নেতিবাচক মনোভাব রাখতেন, যা এই বছরে বেড়ে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে।
