রামিসা হত্যা মামলার রায়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় দ্রুততম সময়ে বিচার সম্পন্ন ও রায় আসায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার ঘটনাটি একটি মাইলফলক। এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশংসিত। তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করায় এই আলোচিত মামলাটি প্রমাণ করা কঠিন ছিল না। এভাবেই আমরা জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

রবিবার (৭ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে রামিসা হত্যা মামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে এই ধরনের আরও কয়েকটি ঘটনায় দ্রুত ও কার্যকর ভূমিকা রাখার জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

রামিশা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য বলা হবে।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় অপরাধের নৃশংসতা বিবেচনা করে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার-দু’জনকেই মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে প্রধান আসামিকে ৫ লাখ ও তার স্ত্রীকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়, যা পাবে ভুক্তভোগী শিশুটির পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত