গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বহিনী। আল-মাওয়াসি এলাকায় ওই ফাঁড়িতে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা বলছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া পুলিশ ফাঁড়িটি অত্যন্ত জনবহুল একটি এলাকায় অবস্থিত। যেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি তাঁবুতে আশ্রয় নিয়ে বসবাস করছে। চারপাশের সড়ক ও অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় এলাকাটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। হামলার সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে এমন কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে যারা ঘটনাক্রমে ওই এলাকায় অবস্থান করছিল।
এ ছাড়া হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছে। তাদের খান ইউনিসের কুয়েতি হাসপাতাল এবং নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
