রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ নামাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা যান তিনি।
নিহত মান্নানের বোনজামাই আমির হোসেন জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামে। বর্তমানে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় বোনের বাসায় থাকতেন মান্নান। মান্নানের স্ত্রী শারমিন আক্তার সুমি ও তাদের মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরগুনায় থাকেন।
তিনি জানান, রবিবার সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যায় মান্নান। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সাথে মোবাইলে গেমস খেলছিল। গেম খেলাকে কেন্দ্র করে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর পথচারীরা মান্নানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদিকে, গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় একটি মারামারির ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মান্নান নামে এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
