মাথাবিহীন মরদেহ মিলল গৌরিচন্না খালে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

বরগুনা সদরের গৌরিচন্না খাল থেকে শামীম নামের এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে গৌরিচন্না বাজার সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীম একই উপজেলার গৌরিচন্না ইউনিয়নের মুনসুর আলী বেপারির ছেলে, পেশায় ব্যবসায়ী।

স্থানীয় ও স্বজনরা জানায়, রবিবার রাত ১১টার পর থেকে শামীমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে খালের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে আশপাশে অনুসন্ধান চালানোর একপর্যায়ে খালের পানিতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মাথাটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এদিকে মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত