পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এ ঘটনা ঘটে।
নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিহত মনিরুল ইসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী এবং আলী হোসেন চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে রাখতে গিয়েছিলেন আলী হোসেন। কিন্তু আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।
অপরদিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনিরুল নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির মধ্যে মনিরুলকে রাকিব ছুরিকাঘাত করে।
এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুৃ হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আর মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনার পথে রয়েছে। মনিরুলের ঘটনায় রাকিবকে আটক করা হয়েছে।
নবম পে স্কেল নিয়ে আবারও অনিশ্চয়তা!