কুমিল্লায় তনু হত্যা

গ্রেপ্তার হাফিজুরকে আদালত থেকে ফের কারাগারে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:২১ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাকে পুনরায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির করা হয়। মামলাটির নির্ধারিত তারিখ থাকায় তাকে আদালতে আনা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. তারিকুল ইসলাম। তবে এদিন হাফিজুর রহমানের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।

এর আগে, গত ২২ এপ্রিল তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে পিবিআইয়ের রাজধানীর কল্যাণপুরে বিশেষ ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ ২৫ এপ্রিল তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেই আছেন।

পিবিআই পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, আজ মামলার তারিখ ছিল। তাই হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি মামলার নিয়মিত কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন, হাফিজুর রহমানের ডিএনএ নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি মামলার অন্য সন্দেহভাজনদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত