ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ছয় দফা দাবিতে গত দুই দিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন। তাদের দাবির সমাধানে সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক হয়। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে একমত হন এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস পেয়ে সকল কর্মসূচি স্থগিত করেন।

বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। এসময় ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া হয় এবং প্রেস ব্রিফিং করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, এফসিপিএস পার্ট ১, এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সকল বেসরকারি প্রশিক্ষণার্থী প্রতি মাসে ভাতা পাবেন। সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পদ্ধতি অনুসরণ করে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শক্রমে বাস্তবায়নের কার্যকর উদ্যোগ  নেওয়া হবে। 

তিনি জানান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। বেসরকারী হাসপাতাল/ক্লিনিক/মেডিকেল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে অংশীজনের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত