মুন্সীগঞ্জের গজারিয়ায় আকস্মিক ঝড়ে ভেঙে পড়েছে অর্ধশতাধিক গাছ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এদিকে বৈদ্যুতিক খুঁটি ও লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় বন্ধ রয়েছে সমগ্র উপজেলার বিদ্যুৎ সরবরাহ।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ করে তীব্র বাতাসের সঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঘণ্টাব্যাপী ঝড়-বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে অর্ধশতাধিক গাছ। শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই প্রায় ৪০টির মতো গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এসব গাছের অধিকাংশই বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা। আর মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম বলেন, বৈদ্যুতিক তারের ওপর অসংখ্য গাছ ভেঙে পড়েছে। আপাতত গজারিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। ভবেরচর হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ করা সম্ভব হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে উভয় লেনে যান চলাচল শুরু হয়েছে।