গ্রাহকের অজান্তে তার নামে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সারোয়ার হোসেন (৪০)। তিনি একটি বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তা বলে জানিয়েছে সিআইডি। গতকাল মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।
তিনি জানান, গত সোমবার বিকেলে রাজধানীর গুলশান থানার ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সারোয়ার হোসেন একটি স্বনামধন্য ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় এক গ্রাহক তার নামে ক্রেডিট কার্ডের আবেদন করেন। পরে প্রয়োজন না হওয়ায় গ্রাহক কার্ডটি ব্যাংকে ফেরত দিলেও সারোয়ার সেটি জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। অভিযোগ রয়েছে, তিনি ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে কার্ডটির নিয়ন্ত্রণ নিজের কাছে রাখেন, যাতে কার্ড-সংক্রান্ত ওটিপি তার কাছেই পৌঁছায়। পরে ওই কার্ড ব্যবহার করে বিভিন্ন প্রতারণামূলক আর্থিক লেনদেন পরিচালনা করেন।
সম্প্রতি ভুক্তভোগী ব্যক্তি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন, তার নামে ২০১৭ সালে ঋণ গ্রহণ দেখানো হয়েছে। অথচ তিনি এ বিষয়ে কিছুই জানতেন না এবং কোনো ঋণও নেননি। পরে তিনি বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করেন। এরপর ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি সামনে আসে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চলতি বছরের ১৫ এপ্রিল মামলা করে।