সুপ্রিম কোর্ট সচিবালয়

হাইকোর্টের আদেশ স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:৩১ এএম

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ৮ মাস আগে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করেছে আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ গতকাল এ আদেশ দেয়।

অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের এমন বিধান গত বছরের ২ সেপ্টেম্বর বাতিল করে রায় দেয় হাইকোর্ট। রায়ে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশিত হয়। রায়ে হাইকোর্ট বলে, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দ্বৈত-শাসন নীতি চলতে পারে না। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এজন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।’

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান রাখতে স্থিতাবস্থা ও সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইনের বিধানগুলোর কার্যক্রম স্থগিত চেয়ে গত ২০ এপ্রিল আপিল বিভাগে আপিল করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। অন্যদিকে গত ২১ এপ্রিল পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে আপিল বিভাগের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আপিলের ওপর আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৯ জুন (গতকাল) নির্ধারণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত