ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু 

আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:১১ পিএম
ফেনীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সোনাগাজীর মোহাম্মদ দুলাল (৩৫) ছাগলনাইয়ার মানিক (৩৭)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের ওয়াহিদ উদ্দিনের নতুন বাড়িতে আইপিএস মেরামতের কাজ করছিলেন মোহাম্মদ দুলাল (৩৫)। কাজ করার একপর্যায়ে অসতর্কতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের সেলিম চেয়ারম্যান বাড়ির জালাল আহমেদের ছেলে। 
অপরদিকে, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের ভূঁইয়াবাড়ির নজির আহমেদের ছেলে।
 
স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ কক্ষে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মানিক। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
 
সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত