সিরির বড় পরিবর্তন আসছে

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:৩৮ এএম

অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৬ ঘিরে প্রযুক্তি দুনিয়ায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ১৫ জুন শুরু হতে যাওয়া এ আয়োজনকে অনেকেই দেখছেন অ্যাপলের জন্য একটি ‘পরিবর্তনের মঞ্চ’ হিসেবে। কারণ, এক দশকের মধ্যে সবচেয়ে বড় রূপান্তর পেতে যাচ্ছে কোম্পানির ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি।

সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ৬০টি দেশের হাজারো ডেভেলপার অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, অ্যাপল এবার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সব সুবিধা উন্মোচন করবে, যার কেন্দ্রে থাকবে আরও স্মার্ট, ব্যক্তিগত ও স্বয়ংক্রিয় সিরি। নতুন সংস্করণের সিরি আইফোন, ম্যাক ও আইপ্যাডের মধ্যে সমন্বয় তৈরি করে ব্যবহারকারীর দৈনন্দিন কাজ আরও সহজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইমার্কেটারের সিনিয়র বিশ্লেষক গাজো সেভিলার মতে, ডেভেলপার সম্মেলনে নতুন হার্ডওয়্যার উন্মোচনের সম্ভাবনা কম হলেও অ্যাপলের ভবিষ্যৎ পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে। বিশেষ করে ফোল্ডএবল ফোন, পরিধানযোগ্য ডিভাইস এবং স্মার্ট হোম প্রযুক্তির দিকে কোম্পানির অগ্রযাত্রার বার্তা আসতে পারে এ মঞ্চ থেকেই।

এবারের ডব্লিউডব্লিউডিসি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর টিম কুকের যুগের শেষ বড় আয়োজন হতে যাচ্ছে এটি। সেপ্টেম্বরে প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন জন টার্নাস, যিনি গত পাঁচ বছর ধরে অ্যাপলের প্রধান প্রকৌশল কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। ফলে প্রযুক্তি বিশ্বের চোখ এখন অ্যাপলের পরবর্তী অধ্যায়ের দিকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত