গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:০৫ পিএম

নারায়ণগঞ্জ জেলার মদনপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম (১৯) ও মেয়ে স্কুল শিক্ষার্থী মীমী (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।

দগ্ধ ও তাদের স্বজনরা জানান, ১ তলা বাড়িটিতে ভাড়া থাকে ওই পরিবার। তাদের বাসার গ্যাসের চুলার লাইন লিকেজ থাকায় বাসার ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই আজ সকালে সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে মান্নান-সুলতানা দম্পতি ও তাদের দুই সন্তান সিয়াম, মিমি এবং পথচারী শিশু হযরত দগ্ধ হয়। 

উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০,  সিয়ামের ৭৭, মিমির ৪১ এবং হযরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে।

হযরত আলী ছাড়া বাকি চারজনকে ভর্তি রাখা হয়েছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত