মেক্সিকোর সহিংসতাপ্রবণ মিচোয়াকান অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় টহলরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা। হামলায় ঘটনাস্থলেই পাঁচ পুলিশ সদস্য নিহত হন।
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ যানটি অসংখ্য গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে নাহুয়াতজেন পৌর এলাকায়, যেখানে পিউরেপেচা আদিবাসীদের বসবাস। অঞ্চলটি শক্তিশালী মাদকচক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রভাবাধীন বলে পরিচিত।
গত মে মাসে একই অঞ্চলে এক ছোট শহরের মেয়রকে প্রকাশ্যে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্যও সিজেএনজিকে দায়ী করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সহিংসতা দমনে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছিলেন।
মিচোয়াকানের রাজধানী মোরেলিয়া মেক্সিকো সিটি ও বিশ্বকাপের আরেক স্বাগতিক শহর গুয়াদালাহারা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে দাবি করেছে মেক্সিকো সরকার।
উল্লেখ্য, আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।