মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

আপডেট : ১১ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

রাজধানীর বিজয় সরণি রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ইয়াকুব আলীর ছেলে সিয়াম আহমেদ মানিক জানান, তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার উলানিয়া গ্রামে। বর্তমানে মিরপুর পল্লবী ১২ নম্বর সেকশন এলাকায় থাকে। মিরপুরে বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবসা আছে তাদের।

তিনি আরও জানান, রাতে তার বাবা ব্যবসায়িক কাজে পোস্তগোলায় গিয়েছিলেন। সেখান থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মিরপুরের বাসায় ফেরার পথে বিজয় সরণি এলাকায় পিছন দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।  এরপর মোটরসাইকেল চালক তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

কাফরুল থানার উপ-পরিদর্শক মো. ইউসুফ আলী ভূঁইয়া জানান, ঘটনার পরপরই গাড়ি চালক ফরহাদ (২৫) নিজেই মাইক্রোবাসে করে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তিনি মারা যান। গাড়ি চালক ফরহাদ পুলিশ হেফাজতে আছে। তবে গাড়িটি পাওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত